
প্রকাশ: ৩০ মে ২০২২, ২৩:৫৯

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে স্বামী ও তার সহযোগিরা রেহেনা খাতুন ওরফে রনজিদাকে নির্মমভাবে পিটিয়ে ও মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা করেছে। ২৭ মে শ্বেতপুর গ্রামের মৃত ইউসুফ সরদারের ছেলে আছাদুলের বাড়িতে এ ঘটনা ঘটে। এব্যাপারে রনজিদার ভাই হাফিজুল ইসলাম বাদী হয়ে নিহত রনজিদার স্বামীসহ কয়েকজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানাগেছে, রনজিদার সাথে একই গ্রামের আছাদুলের বিয়ে ২০ বছর পূর্বে। তাদের দু’টি সন্তান রয়েছে। আসামী তার পরিবারের সদস্যদের ইন্ধন ও সহযোগিতায় বিভিন্ন সময় ৫০ হাজার টাকা যৌতুক দাবীতে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। এনিয়ে গ্রামের গন্যমান্য ব্যক্তিরা মীমাংসা করলেও তারা থেমে থাকেনি।
এরই জেরধরে ২৭ মে বিকালে আসামীরা যৌতুকের টাকা পেতে জোরালো চাপ সৃষ্টি করে। রনজিদা রাজী না হওয়ায় তারা তাকে বেদম মারপিট করে এবং স্ট্রীলের পাটা দিয়ে মাথা ও হাতে হাড়ভাঙ্গা জখম করে। আঘাতে রনজিদা ঘরের মধ্যে ছটফট করতে থাকলে তারা তার পা ও হাত চেপে ধরে মুখে বিষ ঢেলে দেয়। তার চিৎকারে স্বাক্ষীরাসহ অন্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আসামীরা পালিয়ে যায়। তাকে মুমূর্ষূ অবস্থায় প্রথমে বুধহাটার একটি ক্লিনিকে ও পরে সাতক্ষীরার একটি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত্র ৯.৩০ টার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করেন।

শনিবার বিকালে মরহুমাকে নামাজে জানাযা শেষে পিত্রালয়ের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।