
প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১৬:৪৭

মহামারী করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
মঙ্গলবার (২৭ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১২টার দিকে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।
জানা গেছে, অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষকদের আবাসিক ভবনে সপরিবারে বসবাস করতেন। ক্যাম্পাসের বাসায় অবস্থানকালে তিনি সপরিবারে করোনায় আক্রান্ত হয়ে প্রথমে বাসায় চিকিৎসা গ্রহণ করেন।
পরে চিকিৎসার জন্য সপরিবারে ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরিবারের সকলেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় ফিরলেও বেশ কিছুদিন আইসিওতে চিকিৎসা গ্রহণের পর পরিস্থিতির অবনতি ঘটে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গত ২৫ জুলাই সকালে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সর্বশেষ গত রাতেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করে পরলোকগমন করেন বলে সহকর্মী ও পারিবারিক সূত্রে জানা যায়।

শিক্ষকতার জীবনে আইনবিদ অধ্যাপক ড. আকরাম হোসেন মজুমদার বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন, আইন বিভাগের সাবেক চেয়ারম্যান ও শহীদ জিয়াউর রহমান হলের সাবেক প্রভোস্টের দায়িত্বসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন।
এছাড়া পারিবারিক জীবনে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্ত্রী ড. মাকসুদা আক্তার (মুনিয়া) একই বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। জানাজা শেষে কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে বলে জানা গেছে।
এদিকে তার মৃত্যুতে ইবি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের তার সহকর্মী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।