প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ১৬:৫৪

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিবর্ষণের ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের ওপারে বিএসএফের দুই রাউন্ড গুলির পর নিজেদের সীমান্তের অভ্যন্তরে সমানসংখ্যক ফাঁকা গুলি ছোড়েন বিজিবি সদস্যরা।
শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৫০ মিনিটের দিকে সীমান্তের ১২৮৭/১ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। ১৯ বিজিবির মিডিয়া উইংয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে বিএসএফের দুই রাউন্ড গুলির শব্দ শোনার পর সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা সতর্ক অবস্থান নেন। পরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে নিজেদের সীমানার ভেতরে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এ পদক্ষেপ কোনো ধরনের পাল্টা আক্রমণ ছিল না। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সদস্যদের সতর্ক অবস্থান জানান দেওয়ার অংশ হিসেবেই ফাঁকা গুলি ছোড়া হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের সতর্কতা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

এদিকে, বিএসএফ কেন গুলি ছুড়েছে, তা এখনো স্পষ্ট নয়। সীমান্তে কোনো অনুপ্রবেশ, চোরাচালানবিরোধী অভিযান কিংবা অন্য কোনো ঘটনাকে কেন্দ্র করে গুলিবর্ষণ হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সীমান্তে কেউ হতাহত হয়েছেন কি না, তা-ও জানা যায়নি। বিএসএফের পক্ষ থেকেও গুলিবর্ষণের কারণ সম্পর্কে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সীমান্তের এমন ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পরিস্থিতির বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী বক্তব্যের অপেক্ষা করা হচ্ছে।