১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া চালানো হয়। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নলছিটি উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. জলিলুর রহমান আকন্দ, কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম মল্লিক, দপদপিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং নলছিটি পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. রিসাদুল ইসলাম তানভীর।
পুলিশ জানায়, শুক্রবার বিকেল থেকে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে মোটরসাইকেল মহড়া শুরু হয়। একাধিক মোটরসাইকেল ও পুলিশ পিকআপ নিয়ে সদস্যরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় টহল দেন। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান সোহাগ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৫ আগস্টকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সতর্ক অবস্থানের অংশ হিসেবে পুরো উপজেলায় মহড়া দেওয়া হয়েছে। যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।