ঝালকাঠির নলছিটি উপজেলার নাচনমহল বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সকাল ১১টার দিকে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানার নেতৃত্বে বাজারে এ অভিযান পরিচালিত হয়। অভিযানের সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্যতালিকা, খাদ্যপণ্য ও ওষুধের সংরক্ষণ পদ্ধতি এবং মেয়াদ যাচাই করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মা মেডিকেল হলকে সর্বোচ্চ ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বিশ্বাস মেডিকেল হলকে ১ হাজার টাকা এবং শাহ আলম স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় লাইভ বেকারিকে ৩ হাজার টাকা এবং রাকিব স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে পাঁচটি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান শেষে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা বলেন, নাচনমহল বাজারে কয়েকটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা এবং নিরাপদ খাদ্য ও ওষুধ সরবরাহে অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।