প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১৮:৫২

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং একটি সংঘবদ্ধ অনলাইন জুয়া চক্রের ৯ সদস্যসহ মোট ১১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ২০ জুলাই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে শিলখালী থেকে টেকনাফমুখী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও মোবাইল ফোন জব্দ করা হয় এবং দুইজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, উদ্ধার করা আলামতের মধ্যে ছিল ৬০ লিটার চোলাই মদ, ৯টি মোবাইল ফোন এবং একটি সিএনজি অটোরিকশা। জব্দকৃত সামগ্রীর আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ১৮ হাজার ৫০০ টাকা।
অপরদিকে, দীর্ঘ প্রায় তিন মাসের গোয়েন্দা নজরদারির পর সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া ও মন্ডলপাড়া এলাকায় অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে অভিযান চালানো হয়। অভিযানে দুটি আস্তানা থেকে ৯ জনকে আটক করা হয়।

প্রাথমিক তদন্তে বিজিবি জানতে পারে, চক্রটি বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন বেটিং প্ল্যাটফর্মে অর্থ লেনদেন করত। মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেও তারা লেনদেন পরিচালনা করত। এছাড়া টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চালিয়ে আসছিল।
বিজিবির দাবি, আন্তর্জাতিক ক্রীড়া আসরকে কেন্দ্র করে চক্রটি বড় অঙ্কের অর্থের বাজির প্রস্তুতি নিচ্ছিল। সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করে সদস্যদের আটক করা সম্ভব হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক, চোরাচালান, অনলাইন জুয়া ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।