রাজবাড়ীর গোয়ালন্দে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকাল ৪টার দিকে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, উজানচর ইউপি চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপি প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, দেবগ্রাম ইউপি প্রশাসক ও সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, উপজেলার চারটি ইউনিয়নের কোন স্থানে ভারি বৃষ্টিতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা চিহ্নিত করে একদিনের মধ্যে তালিকা জমা দিতে হবে। দুর্যোগ মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি, জরুরি চিকিৎসাসেবা এবং মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সাপের কামড়ে আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের অ্যান্টিভেনম (Antivenom) মজুত রয়েছে বলেও সভায় জানানো হয়। এছাড়াও শিশুদের পানিতে পড়ে দুর্ঘটনা এড়াতে ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, “সম্ভাব্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ সতর্কতামূলক টিম গঠন করা হবে। সংশ্লিষ্ট সব বিভাগকে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, জরুরি ত্রাণসামগ্রী মজুত, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা এবং সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে। যেকোনো দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।”