জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুলসহ আবুজার রহমান (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আবুজার রহমান ধরঞ্জী ইউনিয়নের উচনা গ্রামের মো. শাহার উদ্দিনের ছেলে।
জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম আসাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ভারত থেকে মাদকদ্রব্য দেশে প্রবেশ করছে। এমন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের জ্যেষ্ঠ উপপরিদর্শক মো. শাখাওয়াত হোসেনের নেতৃত্বে শ্রীমন্তপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে আবুজার রহমানকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস আমদানি নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন অ্যাম্পুল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এদিকে জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম বলেছেন, সমগ্র জেলায়, বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান ও কেনাবেচা রোধে জেলা গোয়েন্দা শাখাসহ পুলিশের অন্যান্য ইউনিটের অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তপথে মাদক প্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত বিশেষ অভিযানও অব্যাহত থাকবে বলে তিনি জানান।