প্রকাশ: ৮ জুলাই ২০২৬, ১৯:৫৮

পিরোজপুরের কাউখালী উপজেলা পোস্ট অফিসের নতুন ভবন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ডাকসেবা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নিজস্ব ভবনের অভাবে ভাড়া করা ছোট দুটি কক্ষে কার্যক্রম চালাতে গিয়ে কর্মকর্তা-কর্মচারী এবং সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিদিনই নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন।
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ ঘোষণা করা পুরোনো ভবন পরিত্যক্ত হওয়ার পর ২০১৮ সালের ১ জুন থেকে কাউখালী বাজারের ভাড়া ভবনে পোস্ট অফিস পরিচালিত হচ্ছে। দীর্ঘ আট বছর ধরে অস্থায়ী ব্যবস্থায় সেবা চললেও স্থায়ী সমাধানের কোনো অগ্রগতি না হওয়ায় জনমনে হতাশা বাড়ছে।
সংকীর্ণ কক্ষের কারণে গুরুত্বপূর্ণ নথিপত্র, সরকারি রেকর্ড ও বিভিন্ন সরঞ্জাম সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। পর্যাপ্ত স্থান ও জনবল না থাকায় সেবার মানও ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ডাক বিভাগ সূত্রে জানা যায়, নতুন ভবনের নির্মাণকাজ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর শুরু হয়। ভবনের গ্রেড বিম ও কলামের ঢালাই সম্পন্ন হওয়ার পর হঠাৎ করেই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও নির্মাণকাজ আর এগোয়নি।
নির্মাণকাজ বন্ধ থাকার কারণ নিয়ে সংশ্লিষ্টদের বক্তব্যে মিল পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. জালাল হোসেন বলেন, বিভাগের অভ্যন্তরীণ ও কারিগরি কিছু জটিলতার কারণে কাজ সাময়িকভাবে বন্ধ রয়েছে। সমস্যার সমাধান হলে দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করা হবে।

অন্যদিকে, বরিশাল অঞ্চলের ডাক বিভাগের সুপারিনটেনডেন্ট মো. মোশারফ হোসেন জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত কাজ পুনরায় শুরু করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উপজেলা পোস্ট অফিসের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভবন নির্মাণ দীর্ঘদিন বন্ধ থাকা গ্রহণযোগ্য নয়। এতে সাধারণ মানুষ সরকারি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তিনি দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে জনগণের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, দীর্ঘদিনের এই অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দ্রুত ভবন নির্মাণ সম্পন্ন করা হবে। নিজস্ব আধুনিক ভবনে ডাকসেবা চালু হলে কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশের উন্নতি হবে, পাশাপাশি সাধারণ মানুষও আরও সহজ ও মানসম্মত সেবা পাবেন।