টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে ঘরের ওপর মাটি চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে উপজেলা সদর ইছাখালী গুচ্ছগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে হঠাৎ পাহাড়ের মাটি ধসে একটি বসতঘরের ওপর পড়ে। এতে ঘরের ভেতরে থাকা রেনু আক্তার (৫৬) মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। একই ঘটনায় আরও দুইজন আহত হন। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাহাড় ধসসহ দুর্যোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করে মানুষকে সতর্ক করা হয়েছিল। এরপরও এ ধরনের প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক।
এদিকে কয়েকদিনের টানা বর্ষণে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় বন্যা, জলাবদ্ধতা, পাহাড় ধস, নদ-নদীর পানি বৃদ্ধি এবং তীরভাঙনের কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। পাহাড় কাটা, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং নালা-নর্দমার অপর্যাপ্ত সংস্কারের কারণে অনেক এলাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে দুর্যোগের মাত্রা আরও বেড়েছে।
সরেজমিনে দেখা গেছে, সরফভাটা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা বৃষ্টির পানিতে প্লাবিত হয়েছে। অনেক সড়ক ও বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের বনগ্রাম সড়ক কোমরসমান পানির নিচে তলিয়ে গেছে। রাঙ্গুনিয়া পৌরসভার ভবানি এলাকায় পাহাড় ধসে তিনটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পারুয়া ইউনিয়নের জঙ্গল এলাকায় পাহাড় ধস এবং বেতাগী ইউনিয়নের ডেমিরছড়া গুচ্ছগ্রামের কাছে দুটি বসতঘরের ওপর পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড়ি ঢলে ইছামতি নদীর বিভিন্ন স্থানে তীরভাঙনও দেখা দিয়েছে।