পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।
বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে প্রায় ৩৮০ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছেন মাত্র ৪ জন। অন্যদিকে কাউখালী এস বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫০০ ছাত্রী থাকলেও শিক্ষক সংখ্যা মাত্র ৭ জন। এছাড়া দীর্ঘদিন ধরে দুটি বিদ্যালয়েই প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।
ইংরেজি, গণিত, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞানের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সীমিত সংখ্যক শিক্ষক দিয়ে কোনো রকমে পাঠদান কার্যক্রম চালানো হচ্ছে।
অভিভাবক এনামুল হক বলেন, সন্তানদের ভালো শিক্ষার আশায় সরকারি বিদ্যালয়ে ভর্তি করানো হলেও শিক্ষক সংকটের কারণে তারা কাঙ্ক্ষিত শিক্ষা পাচ্ছে না। তিনি দ্রুত সব বিষয়ে স্থায়ী শিক্ষক নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে সচেতন নাগরিক রফিকুল ইসলাম, রাকিব তালুকদার, জাহিদুর রহমান ফিরোজ, প্রাক্তন শিক্ষার্থী নাঈম হোসেন এবং শিক্ষার্থী সুমন কর্মকারসহ অনেকে বক্তব্য দেন।