রাজধানীর মোহাম্মদপুর কলেজ গেট এলাকায় ঝটিকা মিছিল করার সময় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের ১০ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। রোববার (২১ জুন) সকালে মোহাম্মদপুর থানা পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানায়, সকালে কলেজগেট এলাকায় হঠাৎ করে নিষিদ্ধ সংগঠন এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ দ্রুত অভিযান চালিয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে। আটক ব্যক্তিরা মোহাম্মদপুর, আদাবর এবং ঢাকা জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক কর্মী বলে জানা গেছে।
অভিযান চলাকালে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আটক ব্যক্তিদের থানায় নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই চলছে।