কুষ্টিয়ার বাইপাস সড়কে পাথরবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আগুন ধরে গেলে চালক নিহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস সড়কের ত্রিমহনী ও বটতৈলের মাঝামাঝি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আনিচুর রহমান আনিস। তিনি ফরিদপুর জেলার বাসিন্দা। তবে ট্রাকের সহকারীর নাম-পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে পাথরবোঝাই করে ট্রাকটি ফরিদপুরের দিকে যাচ্ছিল। পথে কুষ্টিয়া বাইপাস এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্রাকটি রাস্তার পাশে একটি কালভার্টের রেলিং ভেঙে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে যায়, ফলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকের কেবিন থেকে চালক আনিসের মরদেহ উদ্ধার করে।
পাথরবোঝাই ট্রাক হওয়ায় দুর্ঘটনার পর সহকারী পাথরের নিচে চাপা পড়ে যান বলে জানা গেছে। ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।