পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ৩৭ হাজার ৪৩৫ জন বাংলাদেশি হাজি দেশে ফিরেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিন অনুযায়ী, মোট ৮৯টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে হাজিরা দেশে ফিরেছেন। ফিরতি যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৩৪ হাজার ১০৭ জন। ফিরতি যাত্রী পরিবহনে তিনটি বিমান সংস্থা সক্রিয়ভাবে অংশ নেয়।
পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৪ হাজার ৬০ জন, সৌদি এয়ারলাইনস ১৪ হাজার ২৪১ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৭ হাজার ৭০০ জন হাজি পরিবহন করেছে। মোট পরিচালিত ৮৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৪টি, সৌদি এয়ারলাইনস ৩৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০টি ফ্লাইট পরিচালনা করে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে বাকি হাজিরা দেশে ফিরবেন।
চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জনসহ মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছিল। হজের প্রথম ফ্লাইট ১৮ এপ্রিল শুরু হয়ে শেষ ফ্লাইটটি ২১ মে ঢাকা ছাড়ে। এখন পুরো ফিরতি কার্যক্রম পুরোদমে চলছে।