
প্রকাশ: ৫ জুন ২০২৬, ১০:৩৪

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস ফেরিঘাটের পন্টুন এলাকায় পৌঁছানোর পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার মুহূর্তে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পরপরই ঘাট কর্তৃপক্ষ, নৌ-পুলিশ এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে। বাসটি নদীতে পড়লেও যাত্রীদের অধিকাংশ আগেই নেমে গিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি পন্টুন এলাকা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, বাসে তখন যাত্রী ছিল কি না এবং দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার কার্যক্রম ও তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন ঘটনাস্থলে রওনা হন। তিনি বলেন, বাস নদীতে পড়ার বিষয়টি জেনেছি। পরিস্থিতি সরেজমিনে দেখতে ঘটনাস্থলে যাচ্ছি।
দৌলতদিয়া ফেরিঘাট দেশের অন্যতম ব্যস্ত নৌপথ হওয়ায় এখানে প্রতিদিন শত শত যানবাহন পারাপার হয়। ফলে এমন দুর্ঘটনা যাত্রী ও চালকদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পল্টুনে ফেরিতে ওঠার সময় সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই মর্মান্তিক ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। মাত্র কয়েক মাসের ব্যবধানে একই ঘাটে আবারও বাস দুর্ঘটনার ঘটনা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।