সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল বুধবার ঝালকাঠির রাজাপুর উপজেলার মঠবাড়ি ইউনিয়নের ডহরশংকর গ্রামের অর্ধশতাধিক পরিবার পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। এই ঘোষণাকে ঘিরে পুরো গ্রামে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন দারুস সুন্নাহ জামে মসজিদের সভাপতি মো. রিপন হাওলাদার। তিনি জানান, বুধবার সকাল সাড়ে ৭টায় স্থানীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব মো. আব্দুল্লাহ।
তিনি আরও বলেন, “২০১১ সাল থেকে আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছি। শুরুতে কিছুটা বাধা থাকলেও বর্তমানে এলাকাবাসীর মধ্যে এটি স্বাভাবিক ধর্মীয় চর্চায় পরিণত হয়েছে।”
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০টির বেশি পরিবার দীর্ঘদিন ধরে এই নিয়ম অনুসরণ করে আসছে। তাদের বিশ্বাস, চাঁদ দেখার ভিত্তিতে রোজা ও ঈদ পালন ইসলামী বিধানেরই অংশ।
ঈদকে কেন্দ্র করে ডহরশংকর গ্রামের প্রতিটি বাড়িতে এখন উৎসবের আমেজ। পরিবারগুলোতে তৈরি করা হয়েছে নানা ধরনের খাবার ও মিষ্টান্ন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করবেন।
এরপর ধর্মীয় রীতি অনুযায়ী কোরবানির পশু জবাই করা হবে। এলাকাবাসী জানান, এটি তাদের দীর্ঘদিনের ধর্মীয় চর্চা এবং সামাজিক ঐতিহ্যে পরিণত হয়েছে।