দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) দুপুরে উপজেলার দেওগ্রাম পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম নিরব চন্দ্র বর্মন। সে অনন্ত চন্দ্র বর্মনের একমাত্র সন্তান। সন্তানের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে গভীর শোক ও কান্নার মাতম।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির সামনে একা খেলছিল নিরব। এ সময় তার হাতে থাকা একটি বেলুন পাশের পুকুরে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, সেই বেলুন তুলতেই শিশুটি পুকুরে নামে এবং অসাবধানতাবশত পানিতে ডুবে যায়।
প্রতিবেশীরা জানান, প্রায় দেড়টার দিকে পুকুরে কিছু ভেসে থাকতে দেখে তারা কাছে গিয়ে শিশুটিকে শনাক্ত করেন। পরে চিৎকার দিলে শিশুটির মা দ্রুত সেখানে ছুটে এসে তাকে পানি থেকে তুলে আনেন।
স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়। ঘটনাস্থলে পুকুরের পানিতে একটি বেলুন ভেসে থাকতে দেখা যায়, যা থেকে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে বেলুন তুলতেই এই দুর্ঘটনা ঘটে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা পরিবারকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।