আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা ও যাত্রীদের চলাচল নির্বিঘ্ন করার লক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের সভাপতিত্বে সভায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসীর হাসান খান, গোয়ালন্দ ঘাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি, নৌ পুলিশ, জেলা বাস মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ফায়ার সার্ভিস, থ্রি হুইলার সমিতিসহ ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভায় জানানো হয়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরী ও লঞ্চ সংখ্যা বাড়ানোসহ ঘাট প্রস্তুত রাখা, যাত্রীদের সুবিধার্থে সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিং এর ব্যবস্থা, লুচ কালেকশনের নির্ধারিত পোশাক পরিধান করা, আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, ঈদকে সামনে রেখে যাতে অপরাধীদের অপতৎপরতা বেড়ে না যায় সেদিকে নজরদারি বাড়ানো, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরীতে ঈদের সময় জুয়া আর ছিনতাইকারীরা সক্রিয় হয়ে উঠে নৌপুলিশ সদস্যদের এ ব্যাপারে আরো বেশি তৎপর হওয়ার অনুরোধ জানানো হয়।
সভায় আরো জানানো হয়, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরিতে যাত্রী ও যানবাহন পারাপার করবে। এছাড়াও যাত্রী পারাপারের জন্য ফেরীর পাশাপাশি ছোট-বড় মিলিয়ে ২০টি লঞ্চ চলাচল করবে এই নৌরুটে। সভায় ঈদের ৩দিন আগে থেকে ঈদের ৩দিন পর পর্যন্ত কাঁচামাল বোঝাই ট্রাক ব্যতীত অন্যান্য ট্রাক পারাপার বন্ধ রাখা এবং পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, এ বছর ঘাট দিয়ে ঈদে ঘরমুখো মানুষ যেন কোন রকম ভোগান্তি ছাড়াই বাড়ী পৌছাতে পারে তার সু-ব্যবস্থা করা হবে। কোন ধরনের বিশৃঙ্খলা যেন না হয় সে সকল বিষয়ে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।