রাজবাড়ীর গোয়ালন্দে চলতি বোরো মৌসুমে সরকারিভাবে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২০ মে) সকালে উপজেলা খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
এসময় তিনি বলেন, ‘কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করছে। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য পাবেন।’
উদ্বোধনী দিনে কৃষক মো. কুদ্দুস মোল্লার কাছ থেকে দুই টন বোরো ধান ৩৬ টাকা কেজি দরে সংগ্রহের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে প্রতি মণ ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। এ বছর গোয়ালন্দ উপজেলায় মোট ৩৩৮ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ধান বিক্রির জন্য উপজেলার চার ইউনিয়ন ও এক পৌরসভার ৫৬৪ জন কৃষক উপজেলা কৃষি অফিসে আবেদন করলে খাদ্যগুদাম ক্রয় কমিটির সভাপতি ও ইউএনও সাথী দাসের উপস্থিতিতে লটারির মাধ্যমে ১৬৯ জন কৃষককে ধান বিক্রির জন্য মনোনীত করা হয়। প্রত্যেক কৃষক সর্বোচ্চ দুইটন করে ধান দিতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলমগীর কবির
জানান, সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা গোয়ালন্দ এলএসডি শ্যাম সুন্দর সাহা বলেন, ‘চলতি মৌসুমে গোয়ালন্দ উপজেলায় এ বছরে মোট ৩৩৮ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।