মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাকের ধাক্কায় শ্রীকান্ত মালাকার (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুরে রাজনগর উপজেলার মৌলভীবাজার–কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের গোবিন্দবার্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কুলাউড়া অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শ্রীকান্তের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় জব্দ অবস্থায় রাখা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে স্থানীয়রা সড়কে দ্রুতগামী যানবাহনের নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।