ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে “পার্টনার কংগ্রেস-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০মে) উপজেলা কৃষি অফিস ও কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বালিয়াডাঙ্গীর আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
এতে কৃষি বিভাগের কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি, সংবাদকর্মী, এনজিও কর্মী ও কৃষি উদ্যোক্তারা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা সিনিয়র মনিটরিং অফিসার সন্জয় দেবনাথ, জেলা প্রশিক্ষণ অফিসার মোছাঃ সাইমা নাসমিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ তামান্না ফেরদৌস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ লতিফুর রহমান এবং কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ গুলজার হোসেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ, মানসম্মত বীজ ও কৃষি উপকরণের ব্যবহার এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কৃষিতে টেকসই উন্নয়ন সম্ভব। তারা কৃষকদের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ ও আর্থসামাজিক উন্নয়নে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
সভায় ধান, গম, ভুট্টা, আলু, সবজি ও তেলবীজ ফসলের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক কৌশল প্রয়োগ, সুষম সার ব্যবহার, নিয়মিত মাটি পরীক্ষা, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং জলবায়ু সহনশীল ফসলের জাত সম্প্রসারণ নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, বাজারজাতকরণ এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।