গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন বৃহস্পতিবার সকালে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১৯ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি মাঠে অবস্থান নিয়েছে, অন্য বাহিনীর সদস্যরাও প্রস্তুত রয়েছেন। আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ও মানুষের জানমালের ক্ষতি ঠেকাতে তারা দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রীপুর শিল্পাঞ্চলে ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইলসহ কয়েকটি কারখানা বন্ধ। জেলার আরও কিছু কারখানাও বন্ধ রয়েছে।
গত এক মাস ধরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন। একপর্যায়ে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে আগুন দেওয়া হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে উভয় পক্ষের সদস্যরা আহত হন; কয়েকজন আটকও হয়েছেন। আন্দোলনে অনেক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এ সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার শ্রমিক তৌফিক পরে মারা যান।