কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারগামী হানিফ পরিবহণের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর পথচারীরা আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিফাতুল মাজদার দুর্ঘটনায় পাঁচজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।