প্রকাশ: ৯ মে ২০২৬, ১০:৮

গাজীপুরের কাপাসিয়ায় হৃদয়বিদারক এক হত্যাকাণ্ডের ঘটনায় একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে এক প্রবাসীর স্ত্রী ও সন্তানও রয়েছেন।
শুক্রবার (৮ মে) রাতের কোনো এক সময় উপজেলার রাউতকোনা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে পুরো এলাকায় আতঙ্ক ও শোকের ছায়া নেমে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তাদের হত্যা করে পালিয়ে যায়। নিহতদের ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনার খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এ সময় আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

স্থানীয়দের দাবি, নিহত পরিবারের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তবে কী কারণে এত বড় হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর থেকেই এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজন ও প্রতিবেশীদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।