রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পাইককান্দি গ্রামে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে স্বামী ও স্ত্রীর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো গ্রামজুড়ে চলছে শোকের মাতম।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাইককান্দি গ্রামের ভ্যানচালক মিঠু খান (৫০) গত ৪ মে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে বালিয়াকান্দি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। পরদিন মঙ্গলবার (৫ মে) দুপুর ২টায় জানাজা শেষে পাইককান্দি গোরস্থানে তাকে দাফন করা হয়।
স্বামীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে ভেঙে পড়েন তার স্ত্রী হেনা বেগম (৪৫)। পরিবারের সদস্যরা জানান, স্বামীর দাফনের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে যান। পরে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতালে নেওয়ার কিছু সময় পরই বিকেল ৪টার দিকে তিনিও মারা যান। স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটে মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে, যা এলাকায় গভীর শোকের আবহ সৃষ্টি করেছে।
স্থানীয় ইউপি সদস্য আকরাম খান বলেন, হেনা বেগম স্বামীর মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অতিরিক্ত শোকজনিত মানসিক আঘাত থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রামবাসীরা জানান, স্বামী-স্ত্রী দুজনই অত্যন্ত সাদাসিধে ও পরোপকারী মানুষ ছিলেন। তাদের আকস্মিক মৃত্যুতে পাইককান্দি গ্রাম যেন স্তব্ধ হয়ে গেছে। প্রতিবেশী ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।