বরিশালের মেহেন্দীগঞ্জে জাটকা রক্ষায় পরিচালিত সরকারি অভিযানে অংশ নিতে যাওয়ার পথে মৎস্য দপ্তরের তিন কর্মচারীর ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে পুরাতন স্টিমারঘাট এলাকায় এ হামলা হয়।
জানা যায়, মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিস্টেন্ট নাজিম উদ্দিন, মো. শামীম ও সিয়াম হোসেন স্পিডবোটে থাকা অভিযানিক দলের সঙ্গে যুক্ত হতে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে বালুমহাল স্টেডিয়ামের কাছে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
পরবর্তীতে স্থানীয় কিছু চিহ্নিত ব্যক্তির নির্দেশে ২০–২৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় তিনজনই রক্তাক্ত জখম হন এবং ঘটনাস্থলে থাকা সরকারি মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শরীরে ধারালো ও ভারী আঘাতের চিহ্ন রয়েছে।
হামলার শিকার নাজিম উদ্দিন জানান, স্থানীয় মোহাম্মদ হোসেন গাজী, আলমগীর সরদার ও জহির মাতুব্বরের নেতৃত্বে এই হামলা সংগঠিত হয়। তাদের অনুসারীরা দলবদ্ধভাবে আক্রমণ চালায়।
পুলিশ জানিয়েছে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়। তবে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।