
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২১:১৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বিদায় বেলায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনকে ঘিরে। বদলিজনিত কারণে কর্মস্থল ছাড়ার সময় তিনি নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েন।
অল্প সময়ের মধ্যেই কর্মদক্ষতা, সততা ও মানবিক আচরণের মাধ্যমে উপজেলার মানুষের আস্থা অর্জন করেছিলেন এই কর্মকর্তা। বিদায়ের সময় সহকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান।
স্থানীয়দের মতে, তিনি প্রশাসনের প্রতি সাধারণ মানুষের ভীতি অনেকটাই দূর করেছিলেন। নিজের দায়িত্বের পাশাপাশি মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখায় জনপ্রিয়তা পেয়েছিলেন দ্রুতই।
দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করেন তিনি। কাবিটা, কাবিখা, টিআর ও এডিপি প্রকল্প বাস্তবায়নে ইতিবাচক পরিবর্তন আসে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এতে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে আসে।
মানবিক উদ্যোগের ক্ষেত্রেও তিনি ছিলেন প্রশংসিত। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের সহায়তা প্রদান এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ তাকে আলাদা পরিচিতি দেয়।

বিদায় উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই তাকে সৎ, বিনয়ী ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে উল্লেখ করে স্মৃতিচারণ করেছেন।

স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতারা বলেন, তার মতো মানবিক ও দক্ষ কর্মকর্তার বিদায় উপজেলাবাসীর জন্য বড় ক্ষতি।
বিদায়ী ইউএনও ইসলাম উদ্দিন বলেন, তিনি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন এবং শ্রীমঙ্গলের মানুষের ভালোবাসা তার জীবনের অন্যতম বড় অর্জন।
উল্লেখ্য, বদলির পর তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নতুন দায়িত্ব গ্রহণ করেছেন। শ্রীমঙ্গলে নতুন ইউএনও হিসেবে যোগ দিয়েছেন জিয়াউর রহমান।