মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট-এ চা স্বাদ নির্ণয় (টি টেস্টিং) ও মান নিয়ন্ত্রণ বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ চা বোর্ড-এর চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চা বোর্ডের প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক এবং বাংলাদেশ টি অ্যাসোসিয়েশন-এর সিলেট শাখার চেয়ারম্যান জি এম শিবলী।
প্রশিক্ষণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৭০ জন অংশগ্রহণকারী অংশ নিচ্ছেন। তাদের মধ্যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ, চট্টগ্রাম, ঢাকা, পঞ্চগড় ও নরসিংদীসহ বিভিন্ন জেলার চা শিল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর প্রতিনিধিরাও এতে অংশগ্রহণ করছেন।
অংশগ্রহণকারীদের মধ্যে চা বাগানের ব্যবস্থাপক ও সহকারী ব্যবস্থাপক, টি মার্চেন্ট, নৌবাহিনীর কর্মকর্তা এবং চা বোর্ডের কর্মকর্তারা রয়েছেন।
আয়োজকরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা চা স্বাদ নির্ণয়, গুণগত মান যাচাই এবং আধুনিক মান নিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করবেন। চা শিল্পের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।