
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১৭:৫৪

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ক্ষুদিরাম সরদার পাড়া এলাকায় নেশার টাকার জন্য এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত এক যুবক তার ঘুমন্ত মায়ের ওপর দা দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেছে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত গোবিন্দ ঘোষ (১৯) নেশাগ্রস্ত অবস্থায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা তার মা শিখা রানী (৪০)-এর ওপর এলোপাতাড়ি দা দিয়ে কোপ দেয়।
হামলার পর শিখা রানীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসে। তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকায় মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকাবাসী অভিযুক্ত গোবিন্দ ঘোষকে বাড়ির ভেতরেই আটক করে রাখে। পরে বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল থেকে রক্তমাখা দা, বিছানার চাদর ও অন্যান্য আলামত জব্দ করে। এরপর অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়রা জানান, গোবিন্দ ঘোষ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই নেশার টাকার জন্য মায়ের সঙ্গে ঝগড়া করতেন। তবে এ ধরনের ভয়াবহ হামলা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।