রাজবাড়ীতে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে সেলিনা আক্তার (৬৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ী পৌর শহরের পান্না চত্বরে এ দুর্ঘটনা ঘটে।
সেলিনা আক্তার ওরফে ঝরনা বালিয়াকান্দি উপজেলা সদরের প্রয়াত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী। সকালে বালিয়াকান্দির নিজ বাড়ি থেকে তিনি রাজবাড়ী শহরে গিয়েছিলেন। তিনি বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বার্তা ২৪ এর স্টাফ করসপন্ডেন্ট
নিহতের জামাই কাজী হুমায়ুন কবির জানান, আজ সকালে একটি পারিবারিক কাজে তার শাশুড়ি সেলিনা আক্তার ঝর্ণাসহ কয়েকজন রাজবাড়ী আদালতে আসেন। সাড়ে নয়টার দিকে তিনি রিকশায় করে শহরের সালমা হোটেলে সকালের নাস্তা খেতে যাচ্ছিলেন। পথিমধ্যে পান্না চত্বর এলাকায় রিকশার চাকায় তার গলার ওড়না পেঁচিয়ে গেলে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. বেলায়েত হোসেন নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই পথিমধ্যে নারীর মৃত্যু হয়েছে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে দাফনের জন্য লাশ দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত নারীর ছেলে সাংবাদিক সোহেল মিয়া সদর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।