কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় দি নিউ চিত্র রেখা জুয়েলার্স নামের একটি স্বর্ণালংকারের দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে ভূরুঙ্গামারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দোকান মালিকের অভিযোগ, হামলাকারীরা দোকান থেকে প্রায় ১২ ভরি সোনার গহনা ছিনতাই করেছে।
দোকানটির স্বত্বাধিকারী গোপাল চন্দ্র প্রসাদ জানান, অতর্কিতভাবে সুবল, তাপস, পরিমল, তরণীকান্ত, সন্তোষ, সমর, লক্ষণ, সুকুমার, সন্তোষসহ অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তি তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। হামলাকারীরা দোকান ভাঙচুর করে এবং ভেতরে থাকা প্রায় ১২ ভরি সোনার বিভিন্ন গহনা নিয়ে যায়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা।
তিনি আরও অভিযোগ করেন, হামলার সময় তার বড় ভাই কৃষ্ণ চন্দ্র প্রসাদকে মারধর করা হয়। ঘটনার প্রমাণ নষ্ট করতে দোকানের সিসিটিভি ক্যামেরার যন্ত্রপাতিও খুলে নিয়ে যায় হামলাকারীরা। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ভূরুঙ্গামারী জুয়েলার্স সমিতির সভাপতি ও হিন্দু কল্যাণ ফ্রন্টের থানা আহ্বায়ক মধু মোহন প্রসাদ বলেন, একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল। আলোচনা করে সমাধানের কথা থাকলেও দোকানে হামলার ঘটনা ঘটেছে। ঘটনার প্রতিবাদে উপজেলার সব জুয়েলারি দোকান বন্ধ রাখা হয়েছে এবং হামলার বিচার দাবি করা হয়েছে।
দোকানের কর্মচারী আল আমীন জানান, এক থেকে দেড়শ মানুষ দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং মালিকের বড় ভাইকে মারধর করে।
তবে অভিযুক্তদের একজন সন্তোষ কুমার রায় অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের পক্ষ থেকে কোনো হামলা হয়নি; দোকান মালিক নিজেরাই ভাঙচুর করেছেন।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।