নোয়াখালীর সুবর্ণচর উপজেলা-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোলনের ব্যবহৃত একটি বৈদ্যুতিক মোটর নষ্ট হয়ে যায়। পরে তিনি তার কাকা রতন মজুমদারের কাছ থেকে আরেকটি মোটর এনে বসতঘরের পাশের পেঁপে গাছে পানি দেওয়ার জন্য সেটি সংযোগ দেন। এ সময় অসতর্কতার কারণে বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন তিনি।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে শোক ও হতবিহ্বল পরিস্থিতির সৃষ্টি হয়।
এ বিষয়ে চরজব্বর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান জানান, ঘটনাটি এখনো আনুষ্ঠানিকভাবে থানায় জানানো হয়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।