রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে সৌহার্দ্য পরিবহনের বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। দুর্ঘটনায় নিহত ২৬ জনের স্বজনদের কাছে সরকারি অনুদান পৌঁছে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনায় নিহত রাজবাড়ী জেলার ১৮ জনের পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। একই ঘটনায় আহত দুজনকে চিকিৎসা সহায়তা হিসেবে ১৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এ ছাড়া দুর্ঘটনায় নিহত অন্যান্য জেলার বাসিন্দাদের সহায়তাও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মাধ্যমে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে কুষ্টিয়া জেলার চারজন এবং গোপালগঞ্জ, দিনাজপুর, ঢাকা ও ঝিনাইদহ জেলার একজন করে মোট আটজন রয়েছেন। তাদের পরিবারের কাছে নিজ নিজ জেলার জেলা প্রশাসকদের মাধ্যমে অনুদানের অর্থ পৌঁছে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন সূত্র জানায়, মানবিক বিবেচনায় দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সমন্বিতভাবে কাজ করেছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয় এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে একে একে মরদেহ উদ্ধার করে।
গত বৃহস্পতিবার দুপুর পর্যন্ত পদ্মা নদী থেকে মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহগুলো দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দৌলতদিয়ার এই মর্মান্তিক বাস দুর্ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ফেলেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।