ঝিনাইদহে তেল পাম্পে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় সাতজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (৯ মার্চ) রাত ২টার দিকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইদুর রহমান, সদস্য সচিব আশিকুর রহমান জীবন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাশদীদ হাসান, যুগ্ম আহ্বায়ক অন্তর মাহমুদ, ‘দ্য রেড জুলাই’-এর আহ্বায়ক আবু হাসনাত তানাঈম এবং কেন্দ্রীয় যুব শক্তির সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ন কবির। এছাড়া একজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি ও আটক হয়েছেন।
জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, তাদের আটক করা হয়েছে ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে। সম্প্রতি তেল নেওয়াকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের পর বাসে অগ্নিসংযোগ এবং তেল পাম্পে ভাঙচুরের ঘটনায় তারা জড়িত থাকার অভিযোগ রয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ডিবি অভিযান সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং দাবি করেছেন, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা উচিত।
এছাড়া পুলিশ শহরের অন্যান্য এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করেছে এবং ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো এই ঘটনা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে।