
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ২০:৪০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে দুধকুমার নদের ভয়াবহ ভাঙন প্রতিরোধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার দুপুরে ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের চর বটতলা নামক এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হওয়া মানুষ সহ ওই এলাকার কয়েকশ মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দুধকুমার নদের ভাঙনে তিলাই ইউনিয়নের দু'টি (২ নং ও ৪ নং) ওয়ার্ডের বিপুল পরিমাণ ফসলী জমি ও বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ না করা হলে অচিরে আরও অনেক মানুষ ভূমিহীন ও গৃহহারা হয়ে যাবে। দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি