
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১৭:৩১

মা ইলিশ রক্ষা ও সংরক্ষণ অভিযান ২০২২ এর চলমান অভিযানে ৯ অক্টোবর রবিবার বরিশালের হিজলা উপজেলায় ১২ জন জেলেকে আটক করা হয়েছে। এদের মধ্যে চার জনের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে, সাতজনের এক বছর করে কারাদণ্ড প্রদান এবং বাকি এক জনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে ।
হিজলা নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, নৌ পুলিশ এবং মৎস্য অফিসের যৌথ অভিযানে মেঘনা নদীতে অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে জাল ও মাছ সহ ১২ জন জেলেকে আটক করা হয়েছে। তবে এই দিন নদীতে জেলেরা ক্ষিপ্র প্রকৃতির ছিলো। তারপরও অভিযান কঠোর ভাবে পরিচালিত হয়েছে এবং হবে। আটক জেলেদের মধ্যে মোঃ বেলাল হোসেন(২৭), মোঃ ইমরান হোসেন(২২), মোঃ মিলন বেপারী(২৮),নীরব পাইক(১৯) এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নৌপুলিশ।
বাকি জেলেদেরকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের আদালতে হাজির করা হলে জেলেরা তাদের অপরাধ স্বীকার করেন। এসময় রিয়াদ বাঘা(২০), মামুন সিকদার(২২), জাহাঙ্গীর বেপারী(২৪), শাহজাহান ফরাজি(৩৮), মাসুদ খান(২৪), জাহিদ খান(১৯), সাইদুল সরদার(২৭) কে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।একজন জেলে আবুবকর সিকদার(৩৫) প্রতিবন্ধী হওয়ার কারণে তার কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে ।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার জানান, প্রতিবন্ধী বিবেচনা করে তার কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে । তবে অভিযান চলাকালে তাকে ওই এলাকার চেয়ারম্যান, ওই ওয়ার্ডের মেম্বার এবং গ্রাম পুলিশের জিম্মায় তাকে রাখা হবে। জব্দ হওয়া মাছ গুলো উপজেলা নির্বাহী অফিসার নিজে দাঁড়িয়ে থেকে এতিমখানায় বন্টন করে দিয়েছেন। আর জাল গুলো উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি