
প্রকাশ: ৭ অক্টোবর ২০২২, ২১:৫১

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ এর প্রথম দিনে বরিশালের হিজলা উপজেলায় ৬ জেলেকে আটক করেছেন প্রশাসন। এদের মধ্যে চার জনকে এক বছর করে কারাদণ্ড প্রদান এবং বাকি দু'জনের কাছ থেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে ।
হিজলা নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ বিকাশ চন্দ্র দে জানান, ৬ অক্টোবর রাত ১২ টার পর থেকে মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে। রাতেই হিজলা নৌ পুলিশ, মৎস্য অফিস এবং বাংলাদেশ কোস্টগার্ডের সমন্বয়ে মেঘনা নদীতে অভিযান চলাকালে ৬ জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেদেরকে হিজলা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদারের আদালতে হাজির করা হলে জেলেরা তাদের দোষ স্বীকার করেন। আটককৃত মোঃ সাইফুল মল্লিক(৩০), মোঃ নাজমুল সিকদার(২৫), মোঃ নুরুল ইসলাম তালুকদার(২৭), মোঃ কাওছার মোল্লা(২৫) কে মৎস্য আইনে প্রত্যেককে এক বছর করে কারাদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
অপর দুজন মিরাজ মোল্লা(১৬) এবং ইমরান মোল্লা(১৫) কে বয়স বিবেচনায় মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তারেক হাওলাদার প্রতিবেদককে জানান, দুজনকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়েছে ঠিক। তবে অভিযান চলাকালে তারা যদি একই অপরাধে জড়িয়ে পড়ে তাহলে তাদের বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেয়া হবে। জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় অপরাধী সবাইকে প্রকারভেদে শাস্তি দেয়া হবে। জব্দ হওয়া জাল গুলো উপজেলা মৎস্য অফিসারের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ।