
প্রকাশ: ৩১ মে ২০২২, ২৩:৩২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে প্রায় দশ লাখ টাকা ব্যয়ে নির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করার অভিযোগ উঠেছে। ভবনটি মাত্র ২০ হাজার টাকায় নিলামে বিক্রি করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, পিডিপি-৪ এর আওতায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মান করা হবে। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়টির প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত পুরাতন ভবনটি নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়।
সে অনুযায়ী ৩০মে সোমবার সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসে নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অন্য একটি গোপনে কক্ষে নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে জনৈক সবুজ হাসান নামের এক ব্যক্তির কাছে ভবনটি মাত্র ২০ হাজার টাকায় বিক্রি করা হয়।
এলাকাবাসীর অভিযোগ নিলাম অনুষ্ঠানের জন্য কোন প্রকার প্রচার প্রচারণা চালানো হয়নি। তারা আরো জানান নিলামে বিক্রি করা ভবনটি নগদ তিন লাখ টাকায় কেনার লোক থাকলেও সিন্ডিকেট করে কমমূল্যে বিক্রি করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নিলাম কমিটির সদস্য মোছাঃ উম্মেহানী জানান, কত টাকায় নিলাম দেয়া হয়েছে তা তিনি জানেন না। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ জাকির হোসেন জানান, নিয়ম অনুযায়ী আমরা সরকারী মূল্যের চেয়ে বেশী মূল্যে বিক্রি করেছি।
উপজেলা প্রকৌশলী এন্তাজুর রহমান জানান, প্রাক্কলন তৈরীর সময় প্রাপ্ত মালামালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৫ হাজার ২১ টাকা। মালামাল অপসারন খরচ ধরা হয়েছে ৭৯ হাজার ৫ টাকা। সে অনুযায়ী নিলামে বিক্রির সরকারী মূল্য ধরা ছিল ১৬ হাজার ১৬ টাকা। মাত্র ২০ হাজার টাকায় এ রকম একটি ভবন বিক্রি করা হলো কিভাবে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রাক্কলন অনুযায়ী যা হয় তাই বিক্রি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ মোটা অংকের উৎকোচের বিনিময়ে নিলামকারী চক্র ও প্রকৌশল বিভাগের যোগসাজশে ভবনটির নিলাম মূল্য কম নির্ধারণ করা হয়েছে।