
প্রকাশ: ৭ মে ২০২২, ২৩:৪৮

দিনাজপুরে সীমান্ত ঘেঁষা হাকিমপুর হিলিতে পৌষ অথবা মাঘ মাস চলছে! হঠাৎ দেখলে এমনটাই মনে হবে সবার।রাতে আকাশ থেকে কুয়াশা ঝড়লেও সকাল পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে হিলিসহ আশপাশের এলাকা। তবে বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে যায় এবং দিনের তাপমাত্রা বাড়তে থাকে। বৈশাখ মাসে হঠাৎ করে এমন কুয়াশা দেখে সাধারণ পথচারী, বিভিন্ন যানবাহন চালকদের মাঝে যেন এক আতঙ্ক কাজ করছে। তাদের মনে প্রশ্ন গ্রীষ্ম মৌসুমে হঠাৎ আবহাওয়ার এই বিরূপ চরিত্র কেন?
দিনাজপুর আবহাওয়া অফিস বলছে, দিনে তাপদাহ বৃদ্ধির কারণে রাতে আকাশ থেকে কুয়াশা ঝড়ছে যা সকাল পর্যন্ত থাকছে। এ অবস্থায় ঝড়-বৃষ্টির বড় আশঙ্কা থাকে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার (০৬ মে) সন্ধ্যার পর থেকে হঠাৎ করে আকাশ কুয়াশা ঝড়তে শুরু করে। এরপর রাত যতই বাড়তে থাকে কুয়াশাও যেন পাল্লা দিয়ে বাড়ছে। ফলে রাস্তায় সাধারণ পথচারীদের অবাধ বিচরণ কমে যায়। সাথে দ্রুতগতির যানবাহনগুলোও যেন ধীর গতিতে চলতে শুরু করে।

উপজেলার কোকতাড়া গ্রামের ষাট উর্ধ মহিলা নূরজাহান বেওয়া বলেন, বৈশাখ মাসে এমন কুয়াশা আমি কখনো দেখিনি। দিনের বেলা অসহ্য গরম আর রাতে বেলা কুয়াশা পড়ছে। আবার সকাল বেলা কুয়াশা দেখে মনে হচ্ছে পৌষ বা মাঘ চলোছে।

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, বৈশাখ মাসে দিনের বেলা প্রচণ্ড তাপদাহ থাকায় রাতে কুয়াশা ঝড়ছে। এর ফলে আগামী দুই থেকে তিন দিন দিনাজপুর জেলাসহ আশপাশের এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এরপর ঝড়-বৃষ্টি কিছুটা কমবে বলে আশা করছে জেলা আবহাওয়া অধিদপ্তর।