
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২:৫

দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় নৌপথে ঈদের আগে ৫ দিন ও পরের ৫ দিন মোট ১০ দিন অপচনশীল পন্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকবে। এবং জরুরী পণ্যবাহী ট্রাক পার হতে পারবে। রবিবার (২৪ এপ্রিল) বিকালে এ বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান।
সোমবার (২৫ এপ্রিল) সকালে সরেজমিনে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, রাজধানীগামী যানবাহনের চাপে ঢাকা-খুলনা মহা সড়কের দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ৬ কিলোমিটার এলাকাজুড়ে অনন্ত সহস্রাধিক যানবাহনের লম্বা সারি তৈরি হয়েছে। এর মধ্যে ৩ কিলোমিটার যাত্রীবাহী বাসের সিরিয়াল রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন জানান, এই নৌরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৬ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। চলাচলকারী ১৯ টি ফেরির মধ্যে ৩ টি বিকল হয়েছে। ঈদ উপলক্ষে দুই এক দিনের মধ্যে আরো ২ টি ফেরি বহরে যুক্ত হবে। সব মিলিয়ে ২১ টি ফেরি চলাচলের কথা রয়েছে। যানবাহনের বাড়তি চাপে ঘাটে কিছুটা জট তৈরি হয়েছে।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ঈদযাত্রায় ভোগান্তি কমাতে কঠোর নজরদারি করা হচ্ছে। দৌলতদিয়া প্রান্তে বিকল ঘাটগুলো মেরামতের ব্যপারে বিআইডব্লিউটিএ'কে বলা হয়েছে। এবং বহরে যেন ফেরি বৃদ্ধি পায় সে ব্যপারেও আলোচনা চলছে। যাত্রীদের নির্বিগ্নে পৌছাতে ও ভোগান্তি কমাতে প্রশাসন কাজ করবে বলে জানান তিনি।
