
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ১৯:৮

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে রাজধানীমুখী যানবাহনের চাপ পড়ছে। এতে মাঝেমধ্যে বন্ধ হয়ে যাচ্ছে ঘাট এলাকার প্রধান সড়ক। প্রচণ্ড গরমে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা ঢাকামুখী বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক ও সহযোগীদের।
মাত্র ৩০ মিনিটের নৌপথ পাড়ি দিতে পণ্যবাহী গাড়িগুলোকে অপেক্ষা করতে হচ্ছে ১২-১৫ ঘণ্টা। এবং দূরপাল্লার যাত্রীবাহী বাস ও জরুরি পচনশীল পণ্যের গাড়িগুলোকে সিরিয়ালে থেকে ৪ থেকে ৫ অপেক্ষা করে ফেরির নাগাল পাচ্ছে তারা।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পৌর জামতলা পর্যন্ত ছয় কিলোমিটার দীর্ঘ সারিতে নদী পারের জন্য অপেক্ষায় আছে সহস্রাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান। আর ঘাট থেকে মহাসড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকা পর্যন্ত পণ্যবাহী গাড়ির সঙ্গে রয়েছে যাত্রীবাহী বাসের সারি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয় সূত্র জানায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ১৯টি ফেরি রয়েছে। এর মধ্যে একটি বড় ও আরেকটি ছোট ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতীতে মেরামতে রয়েছে। বাকি ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে যানবাহনের এ সারি তৈরি হয়েছে। এছাড়াও ঈদের ছুটিতে রাজধানী থেকে অনেকেই বাড়ির উদ্দেশ্যে আসতে শুরু করায় ভিড় হচ্ছে দৌলতদিয়া ঘাটে।
ঝিনাইদাহ থেকে আসা ধান বোঝাই ট্রাকের চালক হাবিব বলেন, প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো ঘাট থেকে প্রায় এক কিলোমিটার পেছনে ট্রাকের সিরিয়ালে আটকা আছি। তীব্র গরমে এবং গাড়ির ইন্জিনের তাপে আর সহ্য হচ্ছে না। একটু পরপর গাড়ি টানতে হয়। কি আর করবো এভাবেই নদী পার হতে হবে।

মাগুরা থেকে আসা গোল্ডেন পরিবহন বাসের যাত্রী শিহাব বলেন, ভেপসা গরমে প্রায় ৩ ঘণ্টা ধরে বাসে বসে আছি। আজ প্রচুর রোদ্রের সাথে গরম পড়ছে। এতটুকু নদী পার হতে গিয়ে এতো সময় লাগার কারণ কি? তিনি আরো বলেন,ঘাট এলাকায় ফেরি ও ঘাটসংকট রয়েছে। ঈদের সামনে পর্যাপ্ত ফেরি বাড়ানোর দরকার ছিলো। কতৃপক্ষের এ বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন ছিলো।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঈদের আগে ৫দিন ও ঈদের পরে ৫ দিন অপচনশীল পণ্যবাহী ট্রাক বন্ধ থাকবে। সেজন্য ঘাটে ট্রাকের চাপ বেশী রয়েছে। এছাড়াও ঈদে বাড়ি ফেরা মানুষের চাপতো রয়েছেই। বিকালের মধ্যে এ চাপ কমে আসবে বলে জানান তিনি। বর্তমানে এ নৌপথে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

