
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ১৭:৫৮

২০২২ সালের ডিসেম্বরে দেশে প্রথমবারের মত যাত্রা শুরু করবে মেট্রোরেল। চলবে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত। মঙ্গলবার মেট্রোরেল এলাকা পরিদর্শনে গিয়ে এসব তথ্য জানান প্রকল্প পরিচালক। শুরুতে ১০ থেকে ১২টি ট্রেন দিয়ে মেট্রোরেলের যাত্রা শুরু হবে।
এসময় জাপানের রাষ্ট্রদূত আশা করেন-বাংলাদেশের অগ্রযাত্রায় মেট্রোরেল আরও বেশি ভূমিকা রাখবে। রাজধানীর উত্তরা থেকে মতিঝিল রুটে নির্মিত হচ্ছে দেশের প্রথম মেট্রোরেল। তথ্য বলছে-এখন পর্যন্ত প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭২ ভাগ। আর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত সার্বিক অগ্রগতি ৮৯ ভাগ।

মঙ্গলবার প্রকল্প এলাকা পরিদর্শনে যান বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি। এসময় সঙ্গে ছিলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার, নির্বাচক আব্দুর রাজ্জাক এবং টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। এসময় প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক জানান- বর্তমানে ৭টি ট্রেন ট্রায়ালে রয়েছে।
আগামী বছরের ডিসেম্বরে ১০ থেকে ১২টি ট্রেন দিয়ে চলাচল শুরু হবে মেট্রোরেলের। এসময় গণমাধ্যম কর্মী ও ক্রিকেটারদের প্রকল্প এলাকা ঘুরিয়ে দেখানো হয়।
