
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ২১:৩৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৪ নভেম্বর ভূরুঙ্গামারী উপজেলা (তৎকালীন থানা) পাকিস্তানি হানাদার বাহিনীর দখল মুক্ত হয়।হানাদার মুক্ত দিবস উপলক্ষে ভূরুঙ্গামারী প্রেসক্লাব বর্ণাঢ্য র্যালি, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামানায় দোয়া মাহফিলের আয়োজন করে।
রোববার সকাল ১১টায় ভূরুঙ্গামারী প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের হয়ে গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এছাড়া ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং সেখানে সংক্ষিপ্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। অন্যান্যদের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মহি উদ্দিন আহমেদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, অধ্যক্ষ বাবুল আখতার ও উপজেলা যুবলীগ সভাপতি আব্দুর রাজ্জাক প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ভূরুঙ্গামারী উপজেলা দেশের প্রথম হানাদার মুক্ত উপজেলা।হানাদার মুক্ত দিবসের র্যালিতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি সন্তান কমান্ড, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থা, আলোকবর্তিকা, ভূরুঙ্গামারী ফুটবল একাডেমি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি