
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ২:১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। যাদের মধ্যে অধিকাংশই হচ্ছেন রাজধানীর বাসিন্দা।
শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন ২৭৮ জন ভর্তি হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৫৭ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এতে আরও বলা হয়, দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট এক হাজার ২০৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ১১৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২১ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট সাত হাজার ৭৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ছয় হাজার ৫০৯ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৫ জনের মৃত্যুর হয়েছে।