
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১:৪১

২০০৪ সালের ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে নওগাঁ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধাঞ্জলি প্রদান, দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ আগস্ট) দুপুরে শহরের সরিষা হাটির মোড়ে অবস্থিত জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক। এসময় তিনি বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী শান্তিপূর্ণ সমাবেশে অতর্কিত গ্রেনেড হামলা চালানো হয়। এতে মারা যান আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন। আহত হন শেখ হাসিনাসহ পাঁচ শতাধিক নেতাকর্মী।
আব্দুল মালেক আরও বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা ছিল ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতের বর্বরোচিত হত্যাকান্ডের ধারাবাহিকতা। আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে সংগঠনের সভাপতি শেখ হাসিনাসহ দলের প্রথম সারির নেতাদের হত্যার উদ্দেশ্যেই এ হামলা চালায় ঘাতকচক্র। শুধু গ্রেনেড হামলাই নয়, সেদিন শেখ হাসিনার গাড়ি লক্ষ্য করেও ছয় রাউন্ড গুলি ছোড়া হয়। অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও প্রাণপ্রিয় নেত্রী আহত হন। তিনি বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলার সাথে জড়িত সকলের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান।

আলোচনা সভা শেষে ২১ অগাস্টে ঢাকায় ভয়াবহ গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
এসময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ওমর ফারুক সুমন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আক্তার, সাধারণ সম্পাদক লিপি সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলসহ জেলা আওয়ামীলীগের নেতাকর্মী, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।