
প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ০:০

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ২৬ কেজি ওজনের বিশাল আকৃতির একটি পাঙ্গাশ মাছ ধরা পড়েছে।বুধবার (২৮ জুলাই) মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার পরান হালদারের জালে মাছটি ধরা পড়ে
পরে সকাল সাড়ে ৭টার দিকে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত দুলাল চালাকের আড়ৎ এ আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে যৌথভাবে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস ব্যবসায়ী মো. লালচাঁদ খাঁন, মো. মাসুদ মোল্লা ও মো. মজিবর খাঁন ১হাজার ৪'শ ৫০টাকা কেজি দরে ৩৭হাজার ৭'শ টাকায় মাছটি কিনে নেন।
এ প্রসঙ্গে মাছটির ক্রেতা মো. লালচাঁদ খাঁন বলেন, পদ্মা নদীর পাঙ্গাশ মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ১হাজার ৫'শ টাকা কেজি দরে ৩৯হাজার টাকায় বিক্রি করি। মাছটি লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, এখন বর্ষা মৌসুম। এ মৌসুমে পদ্মা নদীতে বড় বড় বাঘাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাসসহ বিভিন্ন প্রজাতির মিঠা পানির সু্স্বাদু মাছ পাওয়া যাবে।
