একাত্তরের জামায়াত ও বর্তমান সময়ের জামায়াতে ইসলামীর মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে বলে মন্তব্য করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে দলটির গঠনতন্ত্র, নীতি ও কার্যপদ্ধতিতে একাধিক সংশোধন আনা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা টাউন হল মাঠে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগর শাখার আয়োজিত শ্রমিক সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের রাজনৈতিক অবস্থান থেকে বেরিয়ে নতুন বাস্তবতার আলোকে নিজেদের পুনর্গঠন করেছে। বর্তমান গঠনতন্ত্রে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলেও দাবি করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, দলের সদস্য হতে হলে দেশের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা, আত্মত্যাগের স্বীকৃতি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে সম্মান করা বাধ্যতামূলক করা হয়েছে। তার ভাষায়, একটি জাতি যদি স্বাধীনতার পাঁচ বা ছয় দশক পরও পুরনো বিতর্কে বিভক্ত থাকে, তবে জাতীয় অগ্রগতি ব্যাহত হয়।
তিনি আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, স্বাধীনতার পর অনেক দেশ দ্রুত উন্নতির পথে এগিয়েছে। যেমন মালয়েশিয়া ও সিঙ্গাপুর বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছে।
জামায়াতের এই নেতা অভিযোগ করেন, দেশের একটি মহল পরিকল্পিতভাবে অতীত বিতর্ক জিইয়ে রাখছে, যা জাতির ঐক্যের পথে বাধা সৃষ্টি করছে। তিনি এটিকে বিদেশি ষড়যন্ত্রের অংশ বলেও উল্লেখ করেন।
তিনি জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, দেশের অগ্রগতির জন্য একটি ‘ন্যাশনাল কনসেন্সাস’ তৈরি করা জরুরি। অতীত নিয়ে বিভক্ত না হয়ে ভবিষ্যৎ নির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।