দেশের আর্থিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে গর্জে ওঠার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের অধিকার ও স্বার্থ রক্ষার আন্দোলনে তার দল সবসময় জনগণের পাশে থাকবে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচনে জনগণের রায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। তার দাবি, বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় সুস্থ রাজনৈতিক ধারা বজায় রাখার জন্য নির্বাচনের ফল মেনে নেওয়া হলেও বাস্তবে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তিনি বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক পরিকল্পিত হস্তক্ষেপের মাধ্যমে জুলাইয়ের চেতনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
জামায়াত আমির দাবি করেন, সাবেক এক উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্য থেকেই নির্বাচনী অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে। সংবিধান সংশোধনের মাধ্যমে সরকার কর্তৃত্ববাদী কৌশলে রাষ্ট্র পরিচালনা করছে বলেও তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, সংসদে বিরোধী দলের মত প্রকাশের সুযোগ সংকুচিত করা হচ্ছে। জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা উত্থাপন করলেও তা বাতিল করা হচ্ছে বলে অভিযোগ তুলে তিনি জানান, এসব কারণেই ১১ দলীয় জোট আন্দোলনের পথে যেতে বাধ্য হয়েছে।
গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ দেশের জন্য ক্ষতিকর উল্লেখ করে তিনি বলেন, গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন ধরনের কর্তৃত্ববাদী শাসনের সূচনা হয়েছে।
গণমাধ্যমের ভূমিকা নিয়ে তিনি বলেন, সত্য প্রকাশে বাধা দেওয়া গণতন্ত্রের জন্য অশনিসংকেত। সংবাদ প্রকাশে বিকৃত উপস্থাপন না করে সম্পূর্ণ বক্তব্য তুলে ধরার আহ্বান জানান তিনি।