
প্রকাশ: ৫ মার্চ ২০২৪, ১৫:১৭

বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের (ইসি) অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বিএনপি। এ কারণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও যাচ্ছে না দলটি। বরং উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে আগের মতোই সাংগঠনিক ব্যবস্থা নেবে। অর্থাৎ প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে। তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটির হাইকমান্ড।
একই সঙ্গে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে পিছু না হটতে পুনঃঅঙ্গীকার ব্যক্ত করা হয়। রমজানজুড়ে ইফতারপূর্ব আলোচনাসভাসহ কর্মপরিকল্পনা ঠিক করতে সাংগঠনিক বিভাগের সঙ্গে ধারাবাহিক ভার্চুয়াল বৈঠক শুরু করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরই অংশ হিসাবে রোববার ঢাকা বিভাগীয় জেলা-উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক হয়। এতে একপর্যায়ে উপজেলা পরিষদ নির্বাচনের প্রসঙ্গও ওঠে। বৈঠকে তৃণমূল নেতাদের মতামত জানতে চাওয়া হলে তারাও নির্বাচনে না যাওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেন।

এ সময় তাদের ধন্যবাদ জানিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তই বহাল রয়েছে। উপজেলা নির্বাচনে দলের কেউ অংশ নিলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।