
প্রকাশ: ৩ মার্চ ২০২৪, ১২:৫০

হতাশা কাটিয়ে পুনরায় মাঠে নামার পরিকল্পনা করছে বিএনপি। নিয়মিত কর্মসূচির কথা ভাবছে তৃণমূল নেতা-কর্মীদের মনোবল ধরে রাখতে। জনসম্পৃক্ত নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চায় তারা। পাশাপাশি কূটনীতিক তৎপরতাও বাড়িয়েছে। হামলা-মামলাসহ জুলুম-অত্যাচারের ফিরিস্তি তুলে ধরছে আন্তর্জাতিক মহলে। কারাবন্দি নেতা-কর্মীদের জামিনে মুক্তির ব্যাপারেও হয়েছে তৎপর।

রাজনীতির নীরবতা কাটিয়া সকল পর্যায়ের নেতা-কর্মীদের উজ্জীবিত করতে নিয়েছে নানা উদ্যোগ। আনা হবে বিভিন্ন ইউনিটের রদবদল। কেন্দ্রবিন্দু হিসেবে ঢাকার দুই মহানগরের গুরুত্ব সব থেকে বেশি। মূল টার্গেট রাজধানী। এখান থেকে সারাদেশে আন্দোলন ছড়িয়ে দিতে চায় দলটি। অতীত আন্দোলনে বিএনপির ঢাকা শাখার ভূমিকা সুখকর নয়। বারবারই রাজধানীতে আন্দোলন জমাতে ব্যর্থ হতে হয়েছে। সারাদেশের সঙ্গে ঢাকাকে বিচ্ছিন্ন করার কর্মসূচি দিয়েও ব্যর্থ হয়েছে একাধিকবার। ভুল শুধরে নতুন করে নেতাকর্মীদের মাঠে নামতে চায়। দলকে চাঙা করতে কাজ করছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা।